রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীতে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ী কনভেনশন সেন্টারে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান এবং বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহার বিশেষ করে নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সহিংসতা ও হয়রানির ঝুঁকি বাড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মানহানি, ব্ল্যাকমেইল, ভুয়া তথ্য প্রচারসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। এসব ঘটনায় অনেক নারী মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রযুক্তির অপব্যবহারের কারণে শিক্ষার্থীদের একটি অংশও বিভ্রান্ত হচ্ছে এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সচেতন ভূমিকা অত্যন্ত জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, প্রযুক্তি উন্নয়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার হলেও এর অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ জোরদার করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
কর্মশালায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, টিআইবি প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
১২৬ বার পড়া হয়েছে