ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক-এ সাত বছরের শিশু জান্নাতুল নিসা ইরাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাবু শেখের বিরুদ্ধে।
চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে পার্কে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় পার্ক থেকে বেরিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান, কুমিরা এলাকার বাসিন্দা রিকশাচালক মনির হোসেনের সঙ্গে অভিযুক্ত বাবু শেখের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে মনির হোসেনের মেয়েকে লক্ষ্যবস্তু করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে।
পুলিশ জানায়, ১ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে শিশুটিকে হাত ধরে ইকোপার্কের পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার ওপর নির্যাতনের চেষ্টা চালানো হয়। শিশুটি চিৎকার করলে তাকে আঘাত করে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। পরে গুরুতর আহত অবস্থায় সে নিজেই পার্ক থেকে বেরিয়ে আসে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, মেডিকেল রিপোর্ট পাওয়ার পর নির্যাতনের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। বাসা থেকে পার্ক পর্যন্ত বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুরে কুমিরা এলাকা থেকে বাবু শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামতও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১২৮ বার পড়া হয়েছে