কলাপাড়ায় লোনা পানি ঢুকে কৃষকের ফসল ও প্রাণি বিপর্যস্ত
সোমবার, ২ মার্চ, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম মধুখালী এলাকার তিনটি গ্রামের চার শতাধিক কৃষক পরিবার লোনা পানির চরম ক্ষতির মুখে পড়েছেন।
কৃষকেরা অভিযোগ করেছেন, তাদের ব্যবহারযোগ্য খালকে রাতের অন্ধকারে খুলে দেওয়া হয়েছে স্লুইসগেট, যার ফলে প্রায় পাঁচ কিলোমিটার খালে নদীর লোনা পানি প্রবেশ করে ফসল ও গবাদিপশুর ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, খালের পানির ওপর নির্ভর করে বোরো ধান, তরমুজ, আলু, সর্ষে, সূর্যমুখীসহ বিভিন্ন সবজি চাষ করা হয়। কিন্তু লোনা পানি প্রবেশের পর গাছের শিকড়সহ ফসল মারা গেছে। শুধু ফসল নয়, গবাদিপশু ও হাঁস-মুরগিও বিপর্যস্ত হয়েছে। ইতোমধ্যে শতাধিক হাঁস মারা গেছে, গরু বাছুরও খালের পানি খেতে পারছে না। কৃষকেরা পুকুর থেকে পানি তুলে খাওয়াচ্ছেন।
মধুখালী গ্রামের বাসিন্দা মো. মিজান রহমান জানান, “আমার হাঁসের ২২টি মারা গেছে। গরুর জন্য প্রতিদিন বালতিতে পানি আনতে হচ্ছে। কষ্টের যেন শেষ নেই।”
মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন খান দুলাল জানিয়েছেন, লোনা পানি প্রবেশ রোধে স্লুইসগেটের সামনে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে কেউ বাঁধ কেটে লবণ পানি ঢুকিয়ে দিয়েছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হবে।
স্থানীয় কৃষকরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধ করা যায়।
৩৫৫ বার পড়া হয়েছে