শ্যামনগরে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলা
সোমবার, ২ মার্চ, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর স্থানীয় যুবদলের নেতাকর্মীরা সোমবার (২ মার্চ) দুপুরে হামলা চালিয়েছে।
হামলাকারীরা তাকে মারধর করে ভবনের বাইরে নিয়ে যায় এবং ইট, হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মনিরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা জানিয়েছেন, হামলায় মূলত শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, বাবলু, মিজান ও মতলেবসহ ২৫-৩০ জন অংশগ্রহণ করেন। শ্যামনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেন।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন জানান, মনিরের মাথার বাম পাশে ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বাকীদের আটক করার জন্য অভিযান চলছে।”
এ ঘটনায় শ্যামনগরের সাংবাদিক সমাজ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা হামলাটিকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।
অন্যদিকে, শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর হামলার ঘটনা অস্বীকার করে বলেন, “মনির একজন সাইকো। এখন ওসি সাহেবের সাথে আলোচনা চলছে।”
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রতিবেদনের পর থেকে মনিরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। ওই সংবাদে ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ বিষয়টি তুলে ধরা হয়েছিল।
৪০১ বার পড়া হয়েছে