নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর
সোমবার, ২ মার্চ, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডলকে হত্যার মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মামলার ধার্য্য তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে আইভীর পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি প্রত্যাখ্যান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি ভবনে অগ্নিসংযোগের ঘটনায় আগুনে পুড়ে মারা যান ডাচ্ বাংলা ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের মিস্ত্রী সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক। ঘটনার পর, ২০২৫ সালের ৩০ জুন স্থানীয় কৃষক ওয়াজেদ আলী সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আইভীকে গ্রেফতার দেখানো হয় গত ২৬ ফেব্রুয়ারি।
এ ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১০টি মামলায় তিনি ইতিমধ্যেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোর রাতে দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইনশৃংখলা বাহিনী আইভীকে গ্রেফতার করে কাশিমপুর কারাগারে পাঠায়।
৩৯৬ বার পড়া হয়েছে