মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরা পৌর এলাকার বাটিকাডাঙ্গা মোড়ে ঈদুল ফিতরের ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় মাগুরা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সরকারি চাল বিতরণের কার্ড দেওয়া নিয়ে স্থানীয় বিএনপি অফিসে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১৫ জন আহত হন এবং দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সুমন বিশ্বাস (৩৩), জামিল শেখ (৩১), রবিন খান (৩১), বাচ্চু মিয়া (৪৬), সাইফুল ইসলাম (৪৪), ওসমান (২৩), সাব্বির হোসেন (২৫), হাফিজুল ইসলাম (২৭), শান্ত বিশ্বাস (১৯), আরিফ শেখ (৩৫), আনোয়ার হোসেন, মনিরুল শেখ, শিকা বেগম (২৬) ও আবুল হোসেন আবু (৫৬)।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, “সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে—দল-মত নির্বিশেষে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২৩ বার পড়া হয়েছে