কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বালুভর্তি তিনটি হ্যান্ডট্রলি গাড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কলমাকান্দা সদর ইউনিয়নের দিনমজুর ময়না মিয়া (৪৫), মো. আব্দুল হাই (৩০) ও মো. জাকির হোসেন (২৫)।
আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা তিনটি হ্যান্ডট্রলিতে মোট প্রায় ১৫০ ঘনফুট বালু ছিল। আদালতের নির্দেশে বালুসহ ট্রলিগুলো জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের দুপুরেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১২০ বার পড়া হয়েছে