নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইমন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ে কয়েকজনের সঙ্গে বিরোধে জড়িত ছিলেন। সম্প্রতি একটি মাদক মামলায় প্রায় দেড় মাস কারাভোগের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জামিনে মুক্ত হয়ে বাসায় ফেরেন। পরে ফেরদৌস নামে এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর মাসদাইর এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যদের দাবি, পূর্বশত্রুতার জেরে জাহিদ, চক্ষু হৃদয় ও হৃদয়সহ কয়েকজন পরিকল্পিতভাবে ইমনকে ডেকে নিয়ে হত্যা করেছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে।
৩৫৬ বার পড়া হয়েছে