কয়েকদিন মেঘলা থাকবে আকাশ, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের আকাশ আগামী কয়েকদিন আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত নিয়মিত আবহাওয়া বুলেটিনে জানানো হয়, আপাতত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ২০ ফেব্রুয়ারির পূর্বাভাসেও তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি।
এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়–এর আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাসমূহ, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, সম্ভাব্য এ বৃষ্টিপাতের প্রভাবে তাপমাত্রায় সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১২৫ বার পড়া হয়েছে