আফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাকিস্তান মন্ত্রীর
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের এক কূটনীতিককে তলব করেছে পাকিস্তান সরকার।
খবর প্রকাশ করেছে খামা প্রেস। এদিকে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ইসলামাবাদে নিযুক্ত আফগান উপ-রাষ্ট্রদূতকে ডেকে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তাও দেওয়া হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, নিষিদ্ধঘোষিত তেহরিক-এ তালেবান পাকিস্তান (টিটিপি)-এর চলমান তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে সরকারের। ইসলামাবাদের দাবি, টিটিপি নেতৃত্বের ঘাঁটি আফগানিস্তানের ভেতরে অবস্থান করছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সোমবারের ওই বিস্ফোরণে ১১ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পাশাপাশি টিটিপির অন্তত ১২ জন সদস্যও প্রাণ হারিয়েছে। তবে আফগান কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে বারবার আশ্বাস মিললেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে পাকিস্তান।
এ ঘটনার জেরে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গত বছরের শেষ দিকে সীমান্তে পাল্টাপাল্টি হামলা ও গোলাগুলির ঘটনাও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বাড়িয়েছে।
সর্বশেষ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, পাকিস্তানে হামলা অব্যাহত থাকলে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। তিনি জানান, দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসলামাবাদ দ্বিধা করবে না।
২৪৯ বার পড়া হয়েছে