শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রণ পেয়েছেন: আইন উপদেষ্টা
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী মঙ্গলবার সকাল ১০টায় বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করা হবে। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও আমন্ত্রণ পেয়েছেন।
অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। এদিন সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের শেষ বৈঠকও অনুষ্ঠিত হয়।
আইন উপদেষ্টা বলেন, 'আজ আমাদের বিদায়ী বৈঠক ছিল। বৈঠকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধু নিজেদের কাজকর্ম এবং অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে। এছাড়া শপথ অনুষ্ঠানের বিষয়েও সবাইকে অবহিত করা হয়েছে।'
তিনি আরও জানান, 'মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ করা হবে। সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। বিএনপি থেকে জানা গেছে, বেলা ১১টা ৩০ মিনিট বা ১২টার দিকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে।'
বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আইন উপদেষ্টা বলেন, 'এটি রাষ্ট্রপতি পড়াবেন এবং শপথ অনুষ্ঠানের স্থান নির্বাচনের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছা প্রকাশ করা হয়েছিল।'
প্রথা অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানো হয়, সেই অনুযায়ী আমন্ত্রণ জানানো হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ দায়িত্বে থাকবে।
ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, 'এ সম্পর্কে আমি জানি না। এখন পর্যন্ত শুধু সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর বিষয়ে আমার কোনো তথ্য নেই।'
১১৪ বার পড়া হয়েছে