গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ প্রামাণিকের জোর প্রচারণা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
তার প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের পর ঘোড়া প্রতীক নিয়ে দিন-রাত নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালাচ্ছেন তিনি। সভা-সমাবেশ, উঠান বৈঠক ও সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন এ প্রার্থী। তার দাবি, এবারের নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থন তিনি পাচ্ছেন।
এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং অপর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।
টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে রয়েছে দুটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪০৩ জন, নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৩৮০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন। ভোটকেন্দ্র রয়েছে ১০৮টি।
বিশ্লেষকদের মতে, এ আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই গোবিন্দ প্রামাণিক সংখ্যালঘু ও নিরপেক্ষ ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটের সমীকরণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মনে করছেন স্থানীয়রা।
অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, 'আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষ তাদের ভোটের মূল্য এখন উপলব্ধি করতে পারছে। সব সম্প্রদায়ের মানুষের কাছ থেকেই ভালো সাড়া পাচ্ছি।' তিনি আরও জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করাই তার নির্বাচনে অংশ নেওয়ার প্রধান লক্ষ্য।
তিনি দাবি করেন, তার প্রার্থিতা সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করবে। দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় সংসদে তাদের পক্ষে জোরালো কণ্ঠস্বর হতে চান তিনি।
রাজবাড়ি জেলায় তার বাড়ি হলেও গোপালগঞ্জ-৩ এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই এই আসনে প্রার্থীদের প্রচারণা জমে উঠছে এবং ভোটের সমীকরণ নিয়ে আলোচনা বাড়ছে স্থানীয় রাজনৈতিক মহলে।
১০৫ বার পড়া হয়েছে