পীরগঞ্জে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রংপুরের পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী নাইট কোচের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সদর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।
বড়দরগা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। নিহতরা হলেন রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার আব্দুল রাজ্জাক হওলাদার (৪০) এবং গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩২)। আহতরা সবাই ওই বাসের যাত্রী।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
বড়দরগা হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, মরদেহ ফাঁড়িতে রাখা হয়েছে এবং বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সুপারভাইজার পলাতক রয়েছেন। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১০৬ বার পড়া হয়েছে