গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, গাড়ি ছিনতাই
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে সুফিয়ান চৌধুরী (২০) নামে এক ইজিবাইক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মেরি গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সুফিয়ান চৌধুরী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শিংগাতী গ্রামের শুকুর চৌধুরীর ছেলে। তিনি পরিবারসহ গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন সুফিয়ান। রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা মহাসড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
নিহতের বড় ভাই বুলবুল চৌধুরী বলেন, 'সকাল থেকে ভাইয়ের কোনো খোঁজ না পেয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। পরে হাসপাতাল থেকে খবর পেয়ে গিয়ে তার লাশ শনাক্ত করি।'
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
পুলিশ জানায়, ঘটনাটি হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১০৫ বার পড়া হয়েছে