কেমন চলছে দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থীর প্রচারণা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রংপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের এমপি প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাড়া-মহল্লা, বাসাবাড়ি ও মার্কেট ঘুরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চাইছেন তিনি। তার নিরবচ্ছিন্ন গণসংযোগে ইতোমধ্যেই ভোটারদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোড়ন।
রংপুর মহানগরীর ২৩টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৪৩৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ৩৪৭ জন।
এবারের নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী রানীও সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার হরিণ প্রতীকের পক্ষে বিভিন্ন এলাকায় গণমিছিল ও পথসভায় নারী-পুরুষসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে তিনি মানুষের কাছে ভিন্নধর্মী বার্তা তুলে ধরছেন, যা ভোটারদের মধ্যে কৌতূহল ও সমর্থন তৈরি করেছে।
রংপুর-৩ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহানগর আহ্বায়ক শামসুজ্জামান শামু, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জামায়াতের মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, বাসদের আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।
এর আগে ২০২৪ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে অংশ নিয়ে রানী ২৫ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। সে সময় তার প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছিল। এবার জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি।
আনোয়ারা ইসলাম রানী জানান, ভোটারদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া ও সমর্থন পাচ্ছেন। অবহেলিত রংপুরের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করেন। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না—তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
সব মিলিয়ে রংপুর-৩ আসনে তৃতীয় লিঙ্গের এই স্বতন্ত্র প্রার্থীর সরব প্রচারণা এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
১০৭ বার পড়া হয়েছে