জয়পুরহাটে নাশতা করতে গিয়ে ধান ব্যবসায়ীর ৫ লাখ টাকা উধাও, আটক ৪
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের আক্কেলপুরে একটি রেস্তোরাঁয় নাশতা করার সময় মাত্র এক মিনিটের ব্যবধানে এক ধান ব্যবসায়ীর ৫ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে হোটেলের নারী ক্যাশিয়ারসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে স্থানীয় থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ধান ব্যবসায়ী মো. লিটন হোসেন বগুড়ার শেরপুর এলাকার বাসিন্দা। তিনি ট্রাকে করে নওগাঁর ধামইরহাটে ধান কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে শুক্রবার সকালে চালক আলম হোসেনকে সাথে নিয়ে আক্কেলপুর উপজেলা পরিষদের ২ নম্বর গেটের সামনে অবস্থিত 'এস এম হোটেল এন্ড রেস্টুরেন্ট'-এ নাশতা করতে ঢোকেন। ধান কেনার উদ্দেশ্যে তাঁর ব্যাগে নগদ ৫ লাখ টাকা রাখা ছিল।
ব্যবসায়ী লিটন হোসেন জানান, নাশতা করার সময় টাকার ব্যাগটি তিনি পাশের একটি চেয়ারে রেখেছিলেন। খাওয়া শেষে বিল পরিশোধ করে পাশের একটি দোকানে চা খেতে যান। মাত্র এক মিনিটের মাথায় ব্যাগের কথা মনে পড়লে তিনি দ্রুত হোটেলে ফিরে আসেন। তবে এসে দেখেন চেয়ারে রাখা টাকার ব্যাগটি উধাও এবং ওই সময়ে ক্যাশ টেবিলে থাকা নারী ক্যাশিয়ারও অনুপস্থিত ছিলেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে হোটেলের কর্মচারী ও মালিকের পরিবারকে জানালে তারা টাকা চুরির বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে নিরুপায় হয়ে ভুক্তভোগী ব্যবসায়ী আক্কেলপুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করে।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হোটেলের নারী ক্যাশিয়ার মাহফুজা খাতুন, তাঁর ছেলে সাইফুল ইসলাম এবং দুই কর্মচারী মিন্টু ও আবিদকে আটক করে থানায় নিয়ে যায়। হোটেল মালিক সোলাইমান আলী জানান, ছুটির দিন হওয়ায় সকালে ভিড় বেশি ছিল। তিনি স্ত্রীকে ক্যাশে রেখে বাজারে গিয়েছিলেন। তবে হোটেলে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না বলে জানান তিনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু অসংগতি লক্ষ্য করা গেছে। তবে চুরি হওয়া টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১০৫ বার পড়া হয়েছে