কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার পাখিমারা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নিখিল ভৌমিক উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে পাখিমারা বাজার থেকে কেনাকাটা শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় কুয়াকাটাগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন।
মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর এক পথচারীকেও চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিখিল ভৌমিককে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় আহত অন্য তিনজন হলেন—মোটরসাইকেল চালক সজিব, আরোহী ইসমাইল এবং পথচারী সাইফুল। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১০৬ বার পড়া হয়েছে