দুই মাসে বিদেশি ঋণ পরিশোধ ৬৯ কোটি ৮৯ লাখ ডলার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধ করেছে ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্টে বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধ করেছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল ৮ হাজার ১৩১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পরিশোধ করা অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ দেওয়া হয়েছে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা।
এ ছাড়া সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।
এদিকে, চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে বাংলাদেশ বিদেশি ঋণের অর্থছাড় পেয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার।
একই সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের বিদেশি ঋণের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।
১১১ বার পড়া হয়েছে