রাজশাহীতে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করার দায়ে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার মহানগরীর ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
বিএসটিআই বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে মহানগরীর ছোটবনগ্রাম এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, আলামিন ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই-এর গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও পাউরুটি তৈরি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ। অভিযানে প্রসিকিউটর বা মামলা পরিচালনাকারী হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে। বিএসটিআই কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সাধারণ মানুষের মাঝে মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরণের ভেজালবিরোধী অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
১১৮ বার পড়া হয়েছে