মোহনপুরে এএসআই'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর মোহনপুর উপজেলায় এক পুলিশ কর্মকর্তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার, মানহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। তিনি দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে এবং এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন।
রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা নাসরিন বেগম শনিবার (৫ জুলাই) বিকেলে মোহনপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। তিনি উপজেলার বাসিন্দা স্বপন খাঁর স্ত্রী।
লিখিত বক্তব্যে নাসরিন বেগম বলেন, প্রতিবেশী মৌসুমী বেগমের মেয়ে মীম খাতুনের পারিবারিক বিরোধসংক্রান্ত একটি লিখিত অভিযোগের তদন্ত করছিলেন মোহনপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন। অভিযোগের তদন্তের অংশ হিসেবে তিনি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন।
নাসরিনের অভিযোগ, তদন্ত চলাকালে এলাকার কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে সেখানে উপস্থিত হয়ে এএসআই বেলাল হোসেনের সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক রয়েছে—এমন ভিত্তিহীন অভিযোগ তোলেন। একই সঙ্গে তাঁরা পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ ও লাঞ্ছিত করার চেষ্টা করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
তিনি আরও বলেন, ঘটনার সময় তিনি নিজের শ্বশুরবাড়ির ভেতরে অবস্থান করছিলেন। এরপরও তাঁর নাম জড়িয়ে বিভিন্ন ফেসবুক আইডি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমেও যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর ও মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর ও পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেন।
সংবাদ সম্মেলনে নাসরিন বেগম অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এএসআই বেলাল হোসেনকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য চাপ সৃষ্টি করছেন। তিনি জানান, এ ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা করার পর থেকে অভিযুক্তরা তাঁকে হত্যার হুমকি এবং বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন বলেও দাবি করেন।
তিনি বলেন, ধারাবাহিক হুমকি ও নিরাপত্তাহীনতার কারণে তিনি ও তাঁর পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রচারিত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মীম খাতুন ও তাঁর মা মৌসুমী বেগম। তাঁদের দাবি, থানায় দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এবং পারিবারিক বিরোধের জেরে সম্ভাব্য সহিংসতা এড়াতে এএসআই বেলাল হোসেন তাঁদের বাড়ির সামনে গিয়েছিলেন। তাঁদের ভাষ্য, নাসরিন বেগম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাঁরা আরও অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি মাদক সেবনের পর পরিকল্পিতভাবে এএসআই বেলাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করেছেন। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।
১২১ বার পড়া হয়েছে