‘চার দেয়ালে বন্দি’— এস আই টুটুলের কণ্ঠে নতুন গান, গীতিকার লিটন ঘোষ জয়
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এস আই টুটুল আবারও নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘চার দেয়ালে বন্দি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন মাগুরার তরুণ গীতিকবি লিটন ঘোষ জয়। গানটির সুর, সংগীতায়োজন ও প্রযোজনার দায়িত্বও নিজেই পালন করেছেন টুটুল। শিল্পী তার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন।
নতুন এই গানটি টুটুল উৎসর্গ করেছেন দেশের খ্যাতিমান ড্রামার ও নগর বাউল ব্যান্ডের সদস্য এহসান এলাহী ফান্টি এবং তার সেইসব ভক্তদের, যারা একাকীত্বে ভোগেন। অন্যদিকে, গীতিকার লিটন ঘোষ জয় তার গীতিকথা উৎসর্গ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ-কে।
গানটি প্রসঙ্গে এস আই টুটুল বলেন, এটি তার অন্যান্য গানের তুলনায় ভিন্নধর্মী একটি সৃষ্টি। নিজের পছন্দের ধাঁচে গানটি তৈরি করেছেন বলে এর ভিউ বা জনপ্রিয়তা নিয়ে খুব একটা ভাবছেন না। বরং শ্রোতাদের ভালো লাগাই তার কাছে বড় প্রাপ্তি।
একই সঙ্গে তিনি অনুরোধ জানান, যাদের উদ্দেশ্যে গানটি উৎসর্গ করা হয়েছে, তাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে গানের কোনো মিল খোঁজার চেষ্টা না করতে। কারণ তাদের সঙ্গে তার রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক ও অসংখ্য স্মৃতি।
গীতিকার লিটন ঘোষ জয় বলেন, এস আই টুটুল বাংলা সংগীত জগতের এক অনন্য নাম। তার স্বতন্ত্র কণ্ঠ ও সুরের মাধুর্যে এলআরবি থেকে শুরু করে বিভিন্ন ব্যান্ড ও একক সংগীতে তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান, যা আজও সমানভাবে সমাদৃত।
এদিকে মাগুরার সংগীতশিল্পী ও শিক্ষক বাসনা রায় জানান, এর আগেও লিটন ঘোষ জয়ের কথায় একাধিক গান প্রকাশিত হয়েছে। ২০২০ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত নির্মাতা হানিফ সংকেত-এর নির্দেশনায় ‘মুক্তির কথা বিজয়ের গান’ অনুষ্ঠানে এস আই টুটুলের কণ্ঠে ‘বিজয়’ শিরোনামের একটি গান প্রচারিত হয়।
এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বাপ্পা মজুমদার-এর সুরে এবং একুশে পদকপ্রাপ্ত অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন-এর পরিচালনায় নির্মিত নাটকে ‘জোছনা’ শিরোনামের গানও লিখেছেন লিটন ঘোষ জয়, যা কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কোনাল।
সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী রাঘব চ্যাটার্জী-এর কণ্ঠে ‘তুই আমার খোলা আকাশ’ শিরোনামের আরেকটি গান প্রকাশিত হয়েছে, যার গীতিকারও লিটন ঘোষ জয়।
মাত্র ২২ বছর বয়সেই লিটন ঘোষ জয়ের পাঁচটি কবিতা ও গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এ ধরনের সৃষ্টিশীল কাজ ভবিষ্যতে মাগুরার জন্য গৌরব বয়ে আনবে।
১৫৯ বার পড়া হয়েছে