বরিশালে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা: শিক্ষা খাতের উন্নয়ন অগ্রাধিকার
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের উন্নয়ন নিশ্চিত করতে সবার আগে শিক্ষা খাতের উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন সরকারের শিক্ষা মন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন।
তিনি বলেন, "শিক্ষকরা মানুষ গড়ার কারিগর এবং শিক্ষকতাও একটি ইবাদত। আমার কাছে শিক্ষা মন্ত্রণালয় একটি ইবাদতখানা, এটিকে কোনোভাবেই কলুষিত হতে দেবো না।"
আজ বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
শিক্ষা মন্ত্রী আরও বলেন, "বিগত দিনে শিক্ষা খাতে টাকা পাচার ও অপচয়ের প্রকল্প হয়েছে, প্রত্যেক বিষয় আমি খতিয়ে দেখবো। এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কাজ করা হবে।"
সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। এছাড়া বরিশালের কেন্দ্র সচিব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রী সভায় শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অনলাইন-অফলাইন ক্লাস চালুর উদ্যোগের কথাও উল্লেখ করেন। তিনি জানান, শহুরে এলাকাগুলোতে জ্বালানি তেল সংকট কাটাতে এই ব্যবস্থা কার্যকর করা হবে।
১১৭ বার পড়া হয়েছে