নারায়ণগঞ্জে ৯ হাজার লিটার ডিজেল জব্দ, ১ জনের কারাদণ্ড
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইল এলাকায় জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া এই অভিযান রাত ১০টা পর্যন্ত চলে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ডিজেলের দায়িত্বে থাকা ব্যক্তি যথাযথ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পরে জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোর ডিজিএমের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিকসহ অন্যান্য কর্মকর্তারা।
১০৩ বার পড়া হয়েছে