সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে হামের সংক্রমণ বৃদ্ধি, টিকার ঘাটতিতে ঝুঁকিতে শিশু

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৮:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হামের সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

চলতি বছরের জানুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এ প্রাদুর্ভাবে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ১০ জন শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে একজন শিশু হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে, বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৮ নম্বর বেডে ভর্তি রয়েছে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগির চরের বাসিন্দা সারমিন খাতুনের ৮ মাস বয়সী শিশু আমেনা খাতুন। গত শুক্রবার থেকে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা জানান, গত বৃহস্পতিবার থেকে জ্বর, সর্দি ও শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে পরদিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হাম শনাক্ত করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি। বিশেষ করে যেসব শিশু নিয়মিত টিকা পায়নি, তাদের ঝুঁকি বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, গত বছরের ফেব্রুয়ারি থেকে হামের টিকার ঘাটতির কারণে উপজেলার অন্তত ২৩০ জন শিশু টিকা থেকে বঞ্চিত রয়েছে। ফলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা না নিলে শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ জানান, টিকার সরবরাহ নিশ্চিত করা এবং হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন