তেল না পাওয়ায় পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত ১
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৬:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের সদর উপজেলায় তেল না পাওয়াকে কেন্দ্র করে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার (৩৩) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলারামপুরের ‘মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশন’-এ ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। তবে পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তাকে তেল দিতে পারেননি। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাকচালক নাহিদকে ট্রাক দিয়ে চাপা দেওয়ার হুমকি দেন।
পরে রাত ২টার দিকে মোটরসাইকেলে করে নিজ গ্রাম পেড়লীর উদ্দেশ্যে রওনা দেন নাহিদ সরদার ও কর্মচারী জিহাদ মোল্যা। পাম্প থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছালে পেছন দিক থেকে ট্রাক নিয়ে এসে তাদের চাপা দেন ওই চালক। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন এবং গুরুতর আহত হন জিহাদ মোল্যা।
আহত জিহাদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১২০ বার পড়া হয়েছে