অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে রংপুরে যাত্রীদের সড়ক অবরোধ
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৬:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুরে ঈদের ছুটি শেষে ঢাকা যাওয়ার পথে যাত্রীদের কাছ থেকে তিন গুণ বেশি ভাড়া দাবির প্রতিবাদে শত শত মানুষ শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে মর্ডান মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানিয়েছেন, রংপুরসহ বিভাগের বিভিন্ন জেলার মানুষ ঢাকা যাওয়ার জন্য বিআরটিসির দোতলা বাসে টিকেট কাটতে গেলে ৮০০ টাকার ভাড়ার পরিবর্তে ১,৮০০ থেকে ২,০০০ টাকা দাবি করা হয়। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে বাসের ড্রাইভার ও সুপারভাইজাররা কিছু যাত্রীর ওপর হামলা চালিয়ে তাদের আহত করেছে। আহতদের মধ্যে তিনজনের নাক-মুখ ফেটে গেছে। আহতরা হলেন রংপুরের গঙ্গাচড়ার মোকলেছার রহমান (৩২) ও সামসুদ্দিন আজাদ (৩০)।
অভিযোগ জানায় যাত্রীরা, তারা ঈদের আগে ঢাকা থেকে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় আসার সময় ৯০০ টাকা ভাড়া দিয়েছিলেন। ঈদ শেষে ফিরে যাওয়ার সময় বাস কর্তৃপক্ষ হঠাৎ ভাড়া দ্বিগুণ করে দাবি করলে তারা প্রতিবাদ করেন।
খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার তোফায়েল আহম্মেদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশ কন্ট্রোল রুমের মাইকের মাধ্যমে ঘোষণা দেয় যাত্রীরা ৮০০ টাকা ভাড়া দিয়ে যাত্রা করতে পারবেন। রাত ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
তবে রাত পৌনে ১২টা পর্যন্ত মহাসড়কে যানজট রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার তোফায়েল আহম্মেদ সাংবাদিকদের জানান, যান চলাচল স্বাভাবিক করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে।
১০৬ বার পড়া হয়েছে