রান্নাঘরের মেঝের নিচে ২০ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৬:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে পুলিশের অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ফাতেমা আক্তার মিতু (৩২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে থানা পুলিশের একটি দল মধ্য খলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি বসতবাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে বিশেষভাবে লুকিয়ে রাখা গাঁজার বড় চালান উদ্ধার করা হয়।
অভিযানকালে আটককৃত ফাতেমা আক্তার মিতু স্থানীয় নাহিদ দর্জির স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। তারা আরও জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
১২৩ বার পড়া হয়েছে