আবারও সক্রিয় ঘোড়া জবাই চক্র, র্যাবের অভিযানে জীবিত ১২ ঘোড়া উদ্ধার
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৫:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় সক্রিয় হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি ঘোড়া জবাই চক্র।
প্রশাসনের নজর এড়িয়ে নির্জন প্লটে গভীর রাতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
শুক্রবার ভোররাতে পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কে শামসুল হকের মালিকানাধীন একটি বাউন্ডারি ঘেরা প্লটে অভিযান চালায় র্যাব। এ সময় একটি বাচ্চা ঘোড়াসহ মোট ১২টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। পাশাপাশি প্লটের ভেতর থেকে জবাইকৃত ৯টি ঘোড়ার মাংস জব্দ করা হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সকালে আশপাশের আরও কয়েকটি প্লটে অভিযান চালিয়ে বস্তাভর্তি ও খোলা স্থানে পড়ে থাকা অন্তত ১৬টি জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। এছাড়া বিপুল পরিমাণ ঘোড়ার হাড়ও জব্দ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পূর্বাচলের অরক্ষিত ও নির্জন প্লটগুলো ব্যবহার করে একটি চক্র নিয়মিত ঘোড়া জবাই করে আসছিল। এসব মাংস রাজধানী ঢাকাসহ নরসিংদী, গাজীপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় সরবরাহ করা হতো বলে দাবি তাদের।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে র্যাব জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১২৪ বার পড়া হয়েছে