চট্টগ্রামে অবৈধ জ্বালানি তেল মজুদ: ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমিশনার ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৩০টি ড্রাম থেকে আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন।
তবে অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত তেল বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে পরিবহনের সময় একটি অসাধু চক্র জ্বালানি তেল চুরি করে স্থানীয় বাজারে সরবরাহ করছিল।
জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধে তাদের নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি তেল ডিপো ও পেট্রোল পাম্পগুলোকে কঠোর তদারকির আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১২৫ বার পড়া হয়েছে