মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী: চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে ঈদ উপহার হিসেবে বিশেষ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর কাজীর দেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মীর হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, “প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ প্রমাণ করে তিনি সবসময় শ্রমজীবী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন। পরিচ্ছন্ন কর্মীরাই আমাদের শহরের অঘোষিত নায়ক। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তারা নগরীকে বাসযোগ্য রাখেন। তাদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। চসিক সবসময় তাদের কল্যাণে কাজ করে যাবে।”
মেয়র আরও বলেন, "পরিচ্ছন্ন কর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরীকে পরিচ্ছন্ন রাখেন। প্রধানমন্ত্রীর এই উপহার তাদের সেই কষ্টের অনন্য স্বীকৃতি। আমরা নিশ্চিত করছি যে, প্রতিটি প্রকৃত কর্মীর কাছে এই অনুদান স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়া হচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের কাজে এই সহায়তা তাদের আরও উৎসাহিত করবে।”
তিনি আরও জানান, পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপহার বিতরণ শেষে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর নালা-নর্দমা পরিষ্কার ও পানি নিষ্কাশন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
১১০ বার পড়া হয়েছে