ঈশ্বরদীতে ইফতারের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৭:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে একটি কারখানায় ইফতারের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার (১৬ মার্চ) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর এলাকায় অবস্থিত ‘বিডি ক্রিয়েশন’ কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকরা জানান, রমজান মাসে কারখানা থেকে প্রতিদিন ইফতারের জন্য খাবার সরবরাহ করা হয়। সোমবারও একইভাবে খাবার দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরেই অনেকেই বমি, মাথা ঘোরানো, পেটে ব্যথা এবং অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ তাসনিম তামান্না স্বর্ণা বলেন, “রোগীরা বমি বমি ভাব, মাথা ঘোরানো, গলা ও বুক জ্বালা-পোড়া নিয়ে হাসপাতালে এসেছেন। তারা ভাজা ও তৈলাক্ত খাবার খেয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ফুড পয়জনিং অথবা অতিরিক্ত তৈলাক্ত খাবারের কারণে অ্যাসিডিটিস হতে পারে।”
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, “শ্রমিকরা প্রতিদিনের মতো কারখানায় ইফতার খেয়েছেন। পরে অসুস্থ হওয়ায় হাসপাতলে ভর্তি করা হয়েছে। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আমরা কারখানা পরিদর্শন করেছি এবং ঘটনার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।”
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সরকার জানান, “২৫ থেকে ২৬ জন শ্রমিক অসুস্থ হয়েছেন। ইফতারের খাবার কোথা থেকে এসেছে এবং কী কারণে এই অসুস্থতা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
১২৭ বার পড়া হয়েছে