ঝিনাইগাতীর ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা-এ মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে মো. জাহিদুল হক মনির-কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রবিবার (১৫ মার্চ) রাত প্রায় ১১টায় ঝিনাইগাতী থানা-তে একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৭১৪) করা হয়েছে।
মনির ঝিনাইগাতী সদর ইউনিয়ন-এর ১নং ওয়ার্ডের সদস্য এবং দৈনিক প্রতিদিনের শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেড-এর পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।
জিডি সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টা ৫২ মিনিটে তার ব্যবহৃত ০১৭৭৮৯১৯০০০ নম্বরে ০৯৬১০৯৭৩০২৮ নম্বর থেকে একটি বার্তা পাঠানো হয়। বার্তায় লেখা ছিল, “মৃত্যুর জন্য প্রস্তুত হও মনির। তুমি খুব তাড়াতাড়ি খুন হবা।” হুমকি পাওয়ার পর তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ভুক্তভোগী মো. জাহিদুল হক মনির বলেন, “জনপ্রতিনিধি ও সাংবাদিক হিসেবে বিভিন্ন সামাজিক ও জনস্বার্থমূলক বিষয় নিয়ে কাজ করার কারণে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। অজ্ঞাত নম্বর থেকে এ ধরনের প্রাণনাশের হুমকি পাওয়া গেছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে থানায় জিডি করেছি।”
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, “হুমকির ঘটনায় সাংবাদিক ও ইউপি সদস্য থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, স্থানীয় মহলে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
১১৯ বার পড়া হয়েছে