জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ" ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনকালে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। তারা উল্লেখ করে, পুলিশ ইতিমধ্যে নিহতের স্বামী ফাহিম আল হাসানকে গ্রেপ্তার করেছে এবং যদি আরও কেউ এই হত্যাকাণ্ডে জড়িত থাকে, তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হোক।
জানা যায়, গতকাল দুপুরে সাভারের ইসলামনগরের ভাড়া বাসা থেকে শারমিন জাহানকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী ফাহিম আল হাসান দাবি করেছেন, তিনি বাসার বাইরে থেকে ফেরার পর রুমে স্ত্রীকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে তার দাবিটি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে নিহতের স্বজনের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
১৪৩ বার পড়া হয়েছে