কুসিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৩:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসক হিসেবে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী নির্ধারিত সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
ইউসুফ মোল্লা টিপু নিজে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বলেন, "মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব এবং কুমিল্লা নগরীর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করব।"
১০৬ বার পড়া হয়েছে