চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামে শিক্ষার্থীদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে আবারও চালু করা হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা।
আর্থিক সংকটে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন উদ্যোগে এই বাসগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই চুক্তি সম্পন্ন হয়।
এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিসির যৌথ উদ্যোগে নগরীর ১০টি রুটে ডাবল-ডেকার স্মার্ট স্কুল বাস সেবা চালু করা হয়েছিল। তবে আর্থিক সংকটের কারণে কিছুদিন পরই সেবাটি বন্ধ হয়ে যায়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সারা বাংলাদেশে বর্তমানে শুধুমাত্র চট্টগ্রাম শহরেই স্কুল বাস সার্ভিস চালু রয়েছে। এই সেবা শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি নগরীর যানজট কমাতেও ইতিবাচক ভূমিকা রেখেছে।
প্রতিটি বাসে ৭৮ জন শিক্ষার্থী যাতায়াত করতে পারবে। বাসগুলোতে জিপিএস ট্র্যাকিং, আইপি ক্যামেরা, রিয়েল-টাইম লোকেশন সুবিধা এবং স্মার্ট কার্ড পাঞ্চিং ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থী বাসে উঠলেই অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয় বার্তা পৌঁছে যাবে, ফলে সন্তানদের যাতায়াত নিয়ে অভিভাবকদের উদ্বেগ অনেকটাই কমবে।
জানা গেছে, আগামী এক বছর এই স্কুল বাসগুলোর সব ধরনের পরিচালন ব্যয় বহন করবে জিপিএইচ ইস্পাত লিমিটেড।
১১৯ বার পড়া হয়েছে