কুয়াকাটায় রাতের আঁধারে ২ শতাধিক গাছের চারা কর্তন, থানায় জিডি
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন জমিতে লাগানো প্রায় দুই শতাধিক গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের জমিতে এ ঘটনা ধরা পড়ে। জানা গেছে, পর্যটন ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে বিনিয়োগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ওই জমিতে পাম, বাবলা ও বার্মিজ সুপারি গাছের বাগান তৈরি করেছিল।
সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার জয়নুল আবেদীন জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তারা জমিতে গিয়ে দেখতে পান লাগানো পাম, বাবলা ও বার্মিজ সুপারি গাছসহ প্রায় দুই শতাধিক চারা কেটে ফেলে রাখা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার পর বিষয়টি আইনগতভাবে নথিভুক্ত করতে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। কারা এর সঙ্গে জড়িত তা শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
১৪৬ বার পড়া হয়েছে