ধামরাইয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ সুমনা বাদশা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন ছিলেন।
নিহতের দেবর আরিফ হোসেন বুধবার সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণনগর মহল্লায় নিজ বাড়ির রান্নাঘরে গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন সুমনা বাদশা ও তার স্বামী।
স্বজনরা জানান, দগ্ধ অবস্থায় সুমনা বাদশাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় আইসিইউতে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
এদিকে একই ঘটনায় দগ্ধ তার স্বামীও চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ধামরাইয়ের কিষাণনগর এলাকায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটলে এ দম্পতি দগ্ধ হন। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
১২৭ বার পড়া হয়েছে