বাগেরহাটে অভিযানে ৭ অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাট সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত সাতটি ইটভাটার প্রায় চার লাখ কাঁচা ইট ভেঙে ও পানিতে ভিজিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) বিকেলে সদর উপজেলার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। তবে অভিযানের সময় কোনো ইটভাটা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি এবং কাউকে জরিমানাও করা হয়নি।
অভিযানে পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার করা হচ্ছিল এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাজা পদ্ধতিতে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল।
তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে তৈরি কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৩০ বার পড়া হয়েছে