হাউজিং এস্টেটে কর পরিদর্শকের ব্যাগ ছিনতাই: মূলহোতা গ্রেপ্তার
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৬:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় দিনদুপুরে কর পরিদর্শকের ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতা রশিদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) ভোরে সিলেটের কানাইঘাট উপজেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে রশিদ আহমদ ওরফে রশিদ আলীকে আটক করা হয়। গ্রেপ্তার রশিদ কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তাকে সিলেট নগরীর এয়ারপোর্ট থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, রশিদ একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, তিনি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন।
উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নগরীর হাউজিং এস্টেট এলাকায় কর পরিদর্শক ইয়াসমিন আক্তারের ব্যাগ ছিনতাইয়ের ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন কৌশলে অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় মূলহোতা রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ছিনতাইকারী একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। পরে অটোরিকশায় থাকা যাত্রী কর পরিদর্শক ইয়াসমিন আক্তারের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় তারা।
ভুক্তভোগীর করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, অফিস শেষে অটোরিকশায় করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে তার ব্যাগ নিয়ে যায়। ব্যাগে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা, স্বাক্ষর করা চেকবইয়ের কয়েকটি পাতা, একটি আইফোন ও একটি এটিএম কার্ড ছিল। পরে ছিনতাইকারীরা নগদ টাকা ও চেকবইয়ের পাতা নিয়ে গেলেও আইফোন ও এটিএম কার্ড একটি রেস্তোরাঁর সামনে ফেলে রেখে যায়।
১২০ বার পড়া হয়েছে