উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের করমজল এলাকায় দীর্ঘ এক মাস চিকিৎসা ও যত্নের পর সুস্থ হওয়া আহত শকুনটি আবারও আকাশে মেলে উড়াল দিল।
১১ মার্চ বিকেলে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন বনাঞ্চলে পাখিটিকে অবমুক্ত করা হয়। এক মাস আগে খুলনা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা শকুনটি ওড়ার ক্ষমতা হারিয়ে মৃত্যুর মুখে ছিল। উদ্ধার হওয়ার পর বন বিভাগের বিশেষজ্ঞরা এটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
করমজল বন কর্মকর্তা আজাদ কবির জানান, প্রকৃতির ‘ঝাড়ুদার’ শকুন বর্তমানে বিলুপ্তপ্রায়। বাংলাদেশে মূলত মৌলভীবাজারের রেমা-কালেঙ্গা ও সুন্দরবনের করমজল এলাকায় এদের দেখা যায়।
তিনি আরও জানান, শকুনের দৃষ্টিশক্তি এতই তীক্ষ্ণ যে এক কিলোমিটার উচ্চতা থেকে ১০০ কিলোমিটার দূরের মৃতদেহ শনাক্ত করতে পারে। গবাদি পশুর মৃতদেহ খেয়ে পরিবেশকে রোগমুক্ত রাখার ক্ষেত্রে এদের বিকল্প নেই।
পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, সুন্দরবনের শান্ত পরিবেশে শকুনটির মুক্তি জীববৈচিত্র্য রক্ষার এক গুরুত্বপূর্ণ বার্তা। বিরল এই প্রজাতির পাখিগুলোকে সংরক্ষণ করা পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত জরুরি।
১২৯ বার পড়া হয়েছে