এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৭:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে এএফসি নারী এশিয়ান কাপের মিশন শেষ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত এই ম্যাচের পরই দলের প্রধান কোচ পিটার বাটলার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৫৯ বছর বয়সী এই ইংলিশ কোচ জানান, আগামী সপ্তাহে তিনি ইংল্যান্ডে ফিরে যাবেন এবং সেখানে গিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। পর্যাপ্ত লজিস্টিক সহায়তা ও পেশাদার পরিবেশের অভাব নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, প্রত্যাশা অনুযায়ী সমর্থন না পেলে দায়িত্ব চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়।
বাটলার বলেন, তিনি ইংল্যান্ডে ফিরে স্ত্রী ও পরিবারের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবেন। নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি কোনোভাবেই দায়িত্বহীন কাজ করেন না এবং নিজের কাজের বিষয়ে তার কাছে কোনো জবাবদিহি নেই।
দলের প্রস্তুতি ও সুযোগ-সুবিধার ঘাটতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই কোচ। তিনি জানান, অনেক বড় দলের মতো পর্যাপ্ত ভিডিও ইকুইপমেন্ট বা বিশ্লেষণ সুবিধা তাদের নেই। ফলে প্রতিপক্ষ বিশ্লেষণ ও পরিকল্পনা বাস্তবায়নে সীমাবদ্ধতার মুখে পড়তে হয়। তার ভাষায়, এমন পরিস্থিতিতে খেলতে নামা অনেকটা এক হাত বেঁধে রেখে লড়াই করার মতো।
উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে তিন গোল হজমের বিষয়েও হতাশা প্রকাশ করেন বাটলার। তিনি বলেন, ওই সময় রক্ষণভাগ দুর্বল হয়ে পড়ে এবং কয়েকজন খেলোয়াড়ের মানসিকতায় ভাটা দেখা যায়, যা তাকে হতাশ করেছে।
এছাড়া দক্ষিণ এশিয়ার সাফ চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ার শীর্ষ প্রতিযোগিতা এশিয়ান কাপের মধ্যে বড় ব্যবধান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাটলারের মতে, এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি এখনো পুরোপুরি গড়ে ওঠেনি বাংলাদেশের।
তিনি বলেন, ফিলিপাইন, ভিয়েতনাম বা ভারতের মতো দলগুলো নির্দিষ্ট পরিকল্পনা ও কাঠামোর মধ্যে এগোচ্ছে। সেই তুলনায় বাংলাদেশের নারী ফুটবলকে এখনো অনেক দূর এগোতে হবে।
১২২ বার পড়া হয়েছে