কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ২:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামে মাদক, দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর ইনজামুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজসেবার উপপরিচালক হুমায়ুন কবির, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী বলেন, জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, সরকারি সেবায় কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে সতর্ক থাকতে হবে।
একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভায় বক্তারা জেলার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।
১৫৬ বার পড়া হয়েছে