ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে মুন্সীগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার সড়ক নিরাপত্তা, যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিমসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় ঈদকে কেন্দ্র করে সড়কে যানজট নিরসন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং সড়ক দুর্ঘটনা কমাতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে, সড়কপথে নিরাপত্তা জোরদার ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা সড়ক নিরাপত্তা কমিটি এবং উপজেলা পর্যায়ে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি গঠন করা হবে। ঈদযাত্রার সময় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে ভিজিল্যান্স টিম গঠন করা হবে।
সভায় আরও জানানো হয়, পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহন যাতে সড়কে চলাচল করতে না পারে সে লক্ষ্যে সংশ্লিষ্ট ওয়ার্কশপে অভিযান পরিচালনা করা হবে। সড়কে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী ভলান্টিয়ার বাহিনীও নিয়োজিত করা হবে।
এছাড়া মাওয়া টোল প্লাজাসহ সংশ্লিষ্ট টোল প্লাজাগুলোতে নজরদারি বাড়ানো এবং যানজট নিরসনে হাইওয়ে পুলিশের টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসস্ট্যান্ড ও গণপরিবহনে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
কোনো দুর্ঘটনা ঘটলে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে জেলার হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
১৯৮ বার পড়া হয়েছে