মুন্সীগঞ্জে রেলপথের লোহার রেলিং কেটে চুরির সময় গ্রেপ্তার ৩
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ঢাকা–মাওয়া রেলপথের লোহার রেলিং কেটে চুরির চেষ্টা করার সময় পুলিশের হাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ভোর সাড়ে ৬টায় বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং বিপুল পরিমাণ লোহার রডও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালীর বাউফল উপজেলার অহিদুল ইসলাম (২৮), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মো. সোহাগ (২৩) এবং সিরাজদীখান উপজেলার আফজাল হোসেন (৩৭)। জানা গেছে, অহিদুল ও সোহাগ ঢাকার জুরাইনের বালুর মাঠ এলাকায় বসবাস করেন। আফজাল হোসেন জব্দকৃত পিকআপ ভ্যানটির মালিক।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, অভিযুক্তরা চর পানিয়া গ্রামের রেলপথ সংলগ্ন জমিতে লোহার রড কেটে পিকআপে তোলার চেষ্টা করছিল। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে তাদের ধাওয়া দিয়ে আটক করেন এবং সিরাজদীখান থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকে গ্রেপ্তার করে এবং মালামালসহ পিকআপ জব্দ করে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “সরকারি সম্পদ রক্ষায় পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আসামিদের এবং জব্দকৃত মালামাল কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।”
২৩৮ বার পড়া হয়েছে