গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে পাট দিবস উদযাপন
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৩:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ শুক্রবার (৬ মার্চ) এই দিবসটি পালন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় পাটচাষী, বিভিন্ন স্তরের জনগণ ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রার পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। তিনি বলেন, “পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। এক সময় এটি ছিল দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য। বর্তমান সময়ে পরিবেশ দূষণ রোধ এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাট চাষ সম্প্রসারণ, উন্নত জাতের ব্যবহার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ এবং বাজার সম্প্রসারণের ওপর আমাদের আরও গুরুত্বারোপ করতে হবে।”
অন্য বক্তারা বলেন, বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। এই সুযোগ কাজে লাগিয়ে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করতে হবে। এতে পরিবেশ রক্ষা করা সম্ভব হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তারা পাট চাষে প্রয়োজনীয় সহায়তা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানান।
১৩৮ বার পড়া হয়েছে