ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত বৃহস্পতিবার (৫ মার্চ) ষষ্ঠ দিনে গড়িয়েছে। এ পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা।
ইতোমধ্যে তারা ইরানের সীমান্ত অতিক্রম করে দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে বলে জানা গেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর কয়েক হাজার যোদ্ধা তেহরান সরকারের বিরুদ্ধে স্থল অভিযানে অংশ নিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে এসব যোদ্ধা ইরানের ভেতরে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করা হয়েছে।
খবরে আরও বলা হয়, ইরানের নিরাপত্তা বাহিনীকে চাপে ফেলা এবং দেশজুড়ে তাদের অবস্থান দুর্বল করার লক্ষ্যেই কুর্দি গোষ্ঠীগুলো এই অভিযানের পরিকল্পনা করে।
এদিকে মার্কিন সাংবাদিক জেনিফার গ্রিফিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে জানান, মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে নিশ্চিত করেছেন যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইতোমধ্যে ইরানে সীমান্ত পেরিয়ে হামলা শুরু করেছে।
তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেন, মার্কিন সামরিক বাহিনী সরাসরি ইরানের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করছে না। যদিও তিনি ইঙ্গিত দেন যে মার্কিন সরকারের অন্যান্য অংশ এতে সম্পৃক্ত থাকতে পারে।
অন্যদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার বিষয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন কুর্দি বাহিনীকে অস্ত্র দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে এমন দাবি সঠিক নয়।
তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র দেশ ও নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। উত্তর ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি সংক্রান্ত বিষয়েও কুর্দি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে কোনো নির্দিষ্ট সামরিক পরিকল্পনায় ট্রাম্প সম্মতি দিয়েছেন এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি।
১০৫ বার পড়া হয়েছে