ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা
সোমবার, ২ মার্চ, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করা হবে। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান গভীর বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে নতুন সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।
সোমবার রাজধানীতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। পারস্পরিক স্বার্থে বাণিজ্য সম্প্রসারণ এবং মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধিতে উভয় দেশ কাজ করে যাবে। ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হলে ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণ আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এ সাক্ষাতে আসেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি বর্ডার হাট ও স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে। বাণিজ্যিক কার্যক্রম সচল ও সম্প্রসারণের স্বার্থে সেগুলো পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
তবে বৈঠকে ভারতীয় অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
১২৫ বার পড়া হয়েছে