মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ দেড় বছর কারাভোগের পর কক্সবাজারের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি-কে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন। আদালতে বদির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পূর্ণিমা জাহান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা এক মামলায় তিনি কারাগারে ছিলেন। ওই ঘটনার পর ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। সে সময় র্যাব জানায়, কক্সবাজারের টেকনাফে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বদি। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিবর্তে মনোনয়ন পান তার স্ত্রী শাহীন আক্তার। তিনি দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে, ২০২৪ সালের আগস্টে টেকনাফে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও প্রায় ৭০ জনকে আসামি করা হয়।
১২৬ বার পড়া হয়েছে