রংপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুর মহানগরীতে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ ব্যানার, বিলবোর্ড এবং সাইনবোর্ড অপসারণ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অভিযানের সময় দোকানদাররা ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি ও হামলার ঘটনা ঘটায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সাময়িকভাবে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়।
বৃহস্পতিবার (দুপুর ১টার দিকে) নগরীর জাহাজ কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টা থেকে রংপুর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট শহিদার রহমান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার আহাম্মেদের নেতৃত্বে পুলিশ ও করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নগরীর পায়রা চত্বর এলাকা থেকে ফুটপাত দখলমুক্তকরণ এবং অবৈধ ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণে অভিযান শুরু করেন।
দুপুর ১টার দিকে অভিযানকারী দল জাহাজ কোম্পানি মোড়ে পৌঁছালে একটি ওষুধের দোকানের সামনে ফুটপাত দখল করে রাস্তার ওপর ঝোলানো অবৈধ সাইনবোর্ড দেখতে পান। এ সময় সংশ্লিষ্ট দোকানদার রমজান আলীর সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট শহিদার রহমান। নির্দেশনা অনুযায়ী সিটি করপোরেশনের কর্মীরা সাইনবোর্ডটি খুলে ফেলেন।
এ ঘটনার পর রমজান আলীসহ আশপাশের দোকানদাররা একত্রিত হয়ে ম্যাজিস্ট্রেট শহিদার রহমানের ওপর চড়াও হন। তারা দফায় দফায় হামলা চালিয়ে তাকে ধাক্কা দিতে দিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এগিয়ে এলে দোকানদারদের সঙ্গে পুলিশের হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট শহিদার রহমান পুলিশের পেছনে সরে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন।
এ সময় সংশ্লিষ্ট দোকানদার দাবি করেন, আশপাশের অন্যান্য দোকানের সাইনবোর্ড অক্ষত রেখে তার সাইনবোর্ড অন্যায়ভাবে ভেঙে ফেলা হয়েছে। সাইনবোর্ড পুনরায় লাগিয়ে না দেওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেটকে যেতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এতে এলাকায় অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়।
পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে উদ্ভূত পরিস্থিতির কারণে সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান স্থগিত করে।
ঘটনার বিষয়ে ম্যাজিস্ট্রেট শহিদার রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসাদুল হাবিব দুলুর নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের সহায়তায় রংপুর মহানগরীতে ফুটপাত দখলমুক্ত এবং অবৈধ স্থাপনা, সাইনবোর্ড, ব্যানার ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার জাহাজ কোম্পানি এলাকায় অভিযান পরিচালনার সময় তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সরকারের নির্দেশনায় শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মো. শাহাজাহান আলী বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালিত হচ্ছে এবং এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
১২১ বার পড়া হয়েছে