জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বৈরাগীরমোড়, চিত্রাপাড়া ও নতুন হাট হয়ে জামালগঞ্জ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নতুন হাট এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন আয়োজন করা হয়। কর্মসূচির শেষে জয়পুরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা ট্রাক্টর কল্যাণ মালিক সমিতির মশিউর রহমান এলোট, জেলা মহিদলা দলের সহসভাপতি মৌসুমী প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দ ও গর্তে বেহাল অবস্থায় রয়েছে।
বক্তারা আরও জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে সড়কটি সংস্কারের কার্যাদেশ থাকলেও ঠিকাদার এখনো কাজ শুরু করেনি। তারা ৭ দিনের মধ্যে কাজ শুরু না হলে পৌরসভা ঘেরাও করার হুমকি দিয়েছেন।
জবাবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা বলেন, “ঠিকাদারকে আমরা ইতিমধ্যেই তিন দফা তাগাদা দিয়েছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু হবে এবং শেষ হবে।”
১০৪ বার পড়া হয়েছে